শহীদ নূর হোসেন দিবস ২০২৬: শ্রদ্ধাঞ্জলি এবং গণতন্ত্র রক্ষার শপথ
সারাদেশ · 2026-11-10T15:01:51.000000Z · সিনিয়র রিপোর্টার
আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর শহীদ নূর হোসেন স্কোয়ারে (জিরো পয়েন্ট) পুষ্পস্তবক অর্পণ ও লাল সালাম জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা ও ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যমঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে নেতৃত্ব দেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক। এ সময় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে কমরেড মাহমুদুল হাসান মানিক বলেন,"১৯৮৭ সালের ১০ নভেম্বর কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে ৫ দলীয় বাম জোট, শেখ হাসিনার নেতৃত্বে ৮ দল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট তথা তিন জোটের রূপরেখার অধীনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন।"তিনি নূর হোসেনের জীবন সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, ১৯৬১ সালে বরিশালে জন্ম নেওয়া নূর হোসেনের পরিবার জীবিকার টানে ঢাকায় এসে পুরনো ঢাকার বনগ্রামে বসবাস শুরু করে। তাঁর বাবা মজিবুর রহমান ছিলেন বেবিট্যাক্সি চালক, মা মরিয়ম বেগম গৃহিণী এবং নূর হোসেন নিজে ছিলেন একজন পরিবহন শ্রমিক।শহীদ নূর হোসেনের সেই ঐতিহাসিক মুহূর্তটির বর্ণনা দিয়ে কমরেড মানিক বলেন:"গায়ের শার্ট কোমরে বাঁধা, পরনে জিন্সপ্যান্ট, পায়ে কেডস, খালি গায়ে বুকে-পিঠে লেখা ছিল— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। নূর হোসেনের পুরো শরীরটাই যেন ছিল এক একটি প্রতিবাদী পোস্টার। কিন্তু এই সাহসী প্রতিবাদ সহ্য করতে পারেনি স্বৈরাচারী সরকার। নির্মম বুলেট ছুটে আসে তাঁর দিকে। হাসপাতালে নেওয়ার সময় পুলিশের নিষ্ঠুরতায় মৃত্যুযন্ত্রণায় ছটফট করা নূর হোসেনের বুকের ওপর এক পুলিশ সদস্য তার পায়ের বুট চেপে ধরে অত্যন্ত নির্মমভাবে তাঁকে হত্যা করে। পরবর্তীতে নূর হোসেনের এই আত্মত্যাগ ও রক্তদান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং '৯০-এর গণ-অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটে।"বাংলাদেশ যুব মৈত্রীর শ্রদ্ধা ও গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করার আহ্বানদিবসটি উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব মৈত্রী কেন্দ্রীয় সভাপতি ও যুবনেতা তৌহিদুর রহমান।নেতৃবৃন্দ বলেন, নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হলেও আজও দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম শেষ হয়নি। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আধিপত্য, সাম্প্রদায়িক রাজনীতি এবং একাত্তরের পরাজিত শক্তির উত্থান দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি একের পর এক শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যুবসমাজের সামনে কর্মসংস্থানের সংকট তৈরি করছে।যুব মৈত্রীর পক্ষ থেকে শহীদ নূর হোসেনের স্বপ্নের শোষণমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।অন্যান্য সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রদ্ধানূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবি, জেএসডি, বাম গণতান্ত্রিক জোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শহীদ নূর হোসেন সংসদ, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী ও সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন দল ও সংগঠন গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ-দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে।এছাড়াও, ১৯৮৩ থেকে গড়ে ওঠা ছাত্র গণআন্দোলন ও '৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান শহীদ নূর হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।শহীদ নূর হোসেনের বুকে-পিঠে খোদাই করা সেই স্লোগান— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’— আজও দেশের মানুষকে যেকোনো অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অদম্য শক্তি ও অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।