শিশুর খিঁচুনি: যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
লাইফস্টাইল · 2026-11-18T09:22:35.000000Z · মেইল ডেস্ক
শিশুর হঠাৎ শরীর কাঁপতে শুরু করলে কিংবা সে কিছু সময়ের জন্য অচেতন বা সাড়া দেওয়ার ক্ষমতা হারালে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা। তবে খিঁচুনি সব সময় মৃগীরোগের লক্ষণ নয়। জ্বরসহ বিভিন্ন কারণে শিশুর খিঁচুনি হতে পারে। কিছু ক্ষেত্রে কয়েক সেকেন্ডের জন্য একদৃষ্টিতে তাকিয়ে থাকা, বারবার চোখের পলক ফেলা কিংবা ঠোঁট ও হাতের অস্বাভাবিক নড়াচড়াও খিঁচুনির লক্ষণ হতে পারে। কোন লক্ষণগুলো খেয়াল রাখা জরুরি, কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং খিঁচুনি হলে তাৎক্ষণিকভাবে কী করা উচিত?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে শিশুদের খিঁচুনির লক্ষণ, সম্ভাব্য কারণ, চিকিৎসা মূল্যায়ন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শারদা কেয়ার হেলথসিটির নিউরোলজি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও প্রধান ডা. অতমপ্রীত সিং। তার পরামর্শ অনুযায়ী, খিঁচুনির ধরন ও স্থায়িত্বের দিকে নজর দেওয়ার পাশাপাশি শিশুর দ্রুত চিকিৎসা মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।
খিঁচুনি বোঝা যায় যেসব লক্ষণে
মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের আকস্মিক পরিবর্তনের কারণে খিঁচুনি হয়। এতে সাময়িকভাবে শিশুর শরীরের নড়াচড়া, আচরণ, সচেতনতা কিংবা অনুভূতিতে পরিবর্তন দেখা দিতে পারে। শিশুর বয়স, মস্তিষ্কের কোন অংশে অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে এবং খিঁচুনির ধরনের ওপর নির্ভর করে এর লক্ষণও ভিন্ন হতে পারে।
কোনো কোনো শিশুর সারা শরীর শক্ত হয়ে যেতে পারে এবং হাত-পা ঝাঁকুনি দিতে পারে। কেউ আবার চেতনা হারাতে পারে কিংবা আশপাশের মানুষের ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দিতে পারে। তবে সব খিঁচুনি এমন স্পষ্ট লক্ষণে প্রকাশ পায় না।
ডা. অতমপ্রীত সিংয়ের ভাষ্য অনুযায়ী, কিছু শিশুর ক্ষেত্রে কয়েক সেকেন্ডের জন্য একদৃষ্টিতে তাকিয়ে থাকা, মুখে অভিব্যক্তি না থাকা, বারবার চোখের পলক ফেলা কিংবা ঠোঁট ও হাতের অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। এসব লক্ষণ অল্প সময় স্থায়ী হওয়ায় অভিভাবক কিংবা শিক্ষকদের পক্ষে তা খিঁচুনি হিসেবে শনাক্ত করা কঠিন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনির পর শিশুর সাময়িক বিভ্রান্তি, ঘুম ঘুম ভাব, মাথাব্যথা কিংবা ক্লান্তিও দেখা দিতে পারে।
জ্বর থেকেও হতে পারে খিঁচুনি
ছোট শিশুদের খিঁচুনির একটি সাধারণ কারণ জ্বর। সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জ্বরজনিত খিঁচুনি হতে পারে। সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে এমনটি ঘটতে পারে।
জ্বরজনিত খিঁচুনি দেখতে উদ্বেগজনক মনে হলেও অধিকাংশ সাধারণ জ্বরজনিত খিঁচুনিতে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয় না কিংবা তা মৃগীরোগের ইঙ্গিত দেয় না। তবে শিশুর জীবনে প্রথমবার খিঁচুনি হলে কারণ শনাক্ত করতে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানো জরুরি।
জ্বর ছাড়াও মৃগীরোগ, মস্তিষ্কের সংক্রমণ, যেমন মেনিনজাইটিস বা এনসেফালাইটিস, মাথায় আঘাত, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং কিছু জিনগত ও বিকাশগত সমস্যার কারণেও খিঁচুনি হতে পারে।
যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন
শিশুর খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এ ছাড়া খিঁচুনির সময় শ্বাস নিতে অসুবিধা হলে, শরীর নীলচে হয়ে গেলে, চেতনা ফিরে পাওয়ার আগেই বারবার খিঁচুনি হলে কিংবা খিঁচুনির সময় আঘাত পেলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
খিঁচুনি শেষ হওয়ার পরও শিশু যদি স্বাভাবিক সচেতনতা ফিরে না পায়, তাহলেও দেরি করা উচিত নয়। প্রথমবার খিঁচুনি হলে শিশুকে পরে স্বাভাবিক মনে হলেও দ্রুত চিকিৎসকের মূল্যায়ন করাতে হবে।
খিঁচুনি হলে তাৎক্ষণিক করণীয়
শিশুর খিঁচুনি শুরু হলে আতঙ্কিত না হয়ে তাকে নিরাপদ স্থানে কাত করে শুইয়ে দিতে হবে। আশপাশে আঘাত লাগতে পারে এমন কোনো বস্তু থাকলে সরিয়ে ফেলতে হবে। গলার আঁটসাঁট পোশাক ঢিলা করে দিতে হবে এবং খিঁচুনি কতক্ষণ স্থায়ী হচ্ছে, তা খেয়াল রাখতে হবে।
এ সময় শিশুর হাত-পা জোর করে চেপে ধরা যাবে না। মুখের ভেতর আঙুল, চামচ, পানি কিংবা অন্য কোনো বস্তু দেওয়া যাবে না। এসব কাজ শিশুর ক্ষতির কারণ হতে পারে। খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলে বা অন্য কোনো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।
কীভাবে নির্ধারণ হয় চিকিৎসা
শিশুর বয়স, খিঁচুনির ধরন, কতবার হচ্ছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং এর অন্তর্নিহিত কারণের ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা করা হয়। প্রথমে চিকিৎসক শিশুর বিস্তারিত চিকিৎসা ইতিহাস জানবেন। খিঁচুনির সময় কী ঘটেছিল, পরিবারে কারও খিঁচুনির ইতিহাস আছে কি না, শিশুর স্বাভাবিক বিকাশের ধাপ এবং জ্বর বা অন্য কোনো অসুস্থতা রয়েছে কি না, সেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি স্নায়বিক পরীক্ষাও করা হয়।
প্রাথমিক মূল্যায়নের ফল অনুযায়ী প্রয়োজন হলে ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি পরীক্ষা করা হতে পারে। এর মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া শরীরের বিপাকীয় সমস্যার সম্ভাবনা যাচাইয়ে রক্ত পরীক্ষা এবং মস্তিষ্কের গঠনগত সমস্যা বা অন্য স্নায়বিক কারণ সন্দেহ হলে এমআরআই করার প্রয়োজন হতে পারে।
সব শিশুর দীর্ঘমেয়াদি ওষুধ লাগে না
খিঁচুনি হলেই শিশুকে দীর্ঘমেয়াদি ওষুধ খেতে হবে, এমন নয়। তবে মৃগীরোগ শনাক্ত হলে কিংবা কোনো উসকানি ছাড়াই বারবার খিঁচুনি হলে চিকিৎসক খিঁচুনি প্রতিরোধী ওষুধ দিতে পারেন। শিশুর খিঁচুনির ধরন, বয়স, ওজন ও ব্যক্তিগত শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয়।
কিছু শিশুর ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে কিটোজেনিক ডায়েটের মতো খাদ্যভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রয়োজন হতে পারে। আবার যেসব শিশুর খিঁচুনি প্রচলিত চিকিৎসায় নিয়ন্ত্রণ করা কঠিন, নির্বাচিত কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের বিষয়টিও বিবেচনা করা হয়।
চিকিৎসা চলাকালে নিয়মিত ফলোআপ জরুরি। এতে খিঁচুনি নিয়ন্ত্রণে আছে কি না, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, শিশুর শারীরিক বৃদ্ধি ও স্নায়বিক বিকাশ পর্যবেক্ষণ করা যায়। অভিভাবকদের খিঁচুনির প্রতিটি পর্বের সময়কাল, লক্ষণ ও সম্ভাব্য কারণ লিখে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়ম মেনে ওষুধ সেবন এবং খিঁচুনির পরিচিত উদ্দীপক এড়িয়ে চলাও ব্যবস্থাপনার অংশ।
দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি
শিশুর খিঁচুনি মানেই যে তার সারা জীবন স্নায়বিক সমস্যা থাকবে, তা নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত রোগ শনাক্তকরণ, উপযুক্ত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অনেক শিশুর খিঁচুনি ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা স্কুল, খেলাধুলা ও দৈনন্দিন কর্মকাণ্ডেও অংশ নিতে পারে।
তাই শিশুর অস্বাভাবিক আচরণ বা সাময়িক অন্যমনস্কতাকে নিছক অভ্যাস কিংবা আচরণগত পরিবর্তন ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। লক্ষণগুলো খেয়াল করে প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।