শ্রীমঙ্গলের সময়

সরকারি বদলির আদেশের পরও শ্রীবরদী ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা

স্বাস্থ্য · 2026-11-29T13:26:26.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ জারির পরও নতুন কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি আদেশের পরও তার শ্রীবরদীতে অবস্থান এবং দায়িত্ব পালন নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২২ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজবাড়ী সদর হাসপাতাল, রাজবাড়ীতে বদলি করা হয়। প্রজ্ঞাপনে তাকে নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তবে বদলির প্রজ্ঞাপন জারির পরও তিনি শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মস্থল ছাড়েননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিভিল সার্জনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন বলেন, স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বদলির আদেশ বাতিলের উদ্যোগ নিতে পারেন। এ কারণে তাকে আপাতত শ্রীবরদীতে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা বদলির প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান ও আদেশ বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। এমন পরিস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের লিখিত স্থগিতাদেশ কিংবা সংশোধিত আদেশ জারি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে মৌখিক নির্দেশনার পরিবর্তে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। অন্যথায় সরকারি আদেশের কার্যকারিতা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত