শ্রীমঙ্গলের সময়

শেরপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এনজিও কর্মী নিহত

সারাদেশ · 2026-11-29T13:25:38.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুর সদরে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুর থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে নন্দীর বাজারে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা অটোরিকশাচালক ও যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত