শ্রীমঙ্গলের সময়

নেতানিয়াহু বিদায় নিলেও ফিলিস্তিনিদের ভাগ্য বদলাবে না: বিশ্লেষক

বিশ্ব · 2026-11-09T08:56:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী দলগুলো ক্ষমতায় এলেও ফিলিস্তিনিদের পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক মুহাম্মদ শেহাদা। তাঁর মতে, গাজা নিয়ে ইসরায়েলের বিরোধী দলগুলোর নীতির সঙ্গে নেতানিয়াহুর অবস্থানের বড় কোনো পার্থক্য নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ মূল্যায়ন তুলে ধরেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ভিজিটিং ফেলো মুহাম্মদ শেহাদা। তিনি বলেন, ইসরায়েলের বিরোধী দলগুলো মূলত নেতানিয়াহুর বিরোধিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু গাজা নিয়ে তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত নেই।

শেহাদার ভাষায়, বিরোধী দলগুলো সব সময় কোনো নির্দিষ্ট নীতির পক্ষে অবস্থান নেয় না; বরং নেতানিয়াহুর বিরোধিতাই তাদের ঐক্যের প্রধান ভিত্তি। ফলে সরকার পরিবর্তন হলেও ফিলিস্তিনিদের বিষয়ে ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তন নাও আসতে পারে।

ইসরায়েলের নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ২০২৬ সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায় করতে হবে।

আইজেনকোটের অতীত সামরিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শেহাদা। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ছিলেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভের সময়ও তাঁর নেতৃত্বে ছিল দেশটির সামরিক বাহিনী। ওই সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি নিহত ও আহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে ২০১৯ সালের ২২ মার্চ পর্যন্ত ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভে ১৯৫ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৯ হাজার আহত হন।

শেহাদা আইজেনকোটকে ‘দাহিয়েহ ডকট্রিন’ নামে পরিচিত সামরিক কৌশলের সঙ্গে যুক্ত করেছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এ নীতির মাধ্যমে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করার কৌশল নেওয়া হয়। লেবাননের বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের সামরিক অভিযানের অভিজ্ঞতা থেকে এ নীতির নাম এসেছে।

এদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটকে সমর্থন দিয়েছে ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে এসব দলকে সরাসরি সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইজেনকোটের অবস্থান অনিশ্চিত। তাদের সমর্থন ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হতে পারে।

অন্যদিকে অতি-অর্থোডক্স ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে নিয়োগ ও অন্যান্য নীতিগত বিষয়ে মতপার্থক্যের কারণে এই সমীকরণও সহজ নয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জন্য কার্যকর সরকার গঠন জরুরি বলেও মনে করছেন তিনি।

শেহাদার মূল্যায়ন অনুযায়ী, নেতানিয়াহুর বিদায় ঘটলেও আইজেনকোট বা অন্য কোনো বিরোধী নেতা ক্ষমতায় এলে ফিলিস্তিনিদের অধিকার ও গাজা নিয়ে ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তন আসবে—এমন নিশ্চয়তা নেই।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত