টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপির চার নেতার পদত্যাগ
সারাদেশ · 2026-11-18T17:25:06.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের চার নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ান।পদত্যাগকারী নেতারা হলেন—কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহিবুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফ শেখ এবং কুশলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. মারুফ শেখ। তাঁরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ দাবি করেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তাঁরা বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁদের মনঃপুত হয়নি। বিশেষ করে কুশলী ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের আদর্শের মিল না পাওয়ায় সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় তাঁরা বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই চার নেতা ঘোষণা দেন যে, এখন থেকে তাঁরা বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা। স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।