শ্রীমঙ্গলের সময়

রাজিবপুরে প্রাইভেট স্কুল ফাউন্ডেশনের (PSF) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-14T06:21:43.000000Z · সিনিয়র রিপোর্টার


​প্রাইভেট স্কুল ফাউন্ডেশন (PSF), মিরপুর-এর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়ও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিএসএফ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও স্থানীয় রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা শুরু হয়।
​এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ৭টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুল, ফুলকুঁড়ি মডেল একাডেমি, জাউনিয়ারচর সাকসেস প্রি-ক্যাডেট একাডেমি, কোদালকাটি আদর্শ বিদ্যাপীঠ, উদ্ভাস নিঝুম একাডেমি, ইনসাইট মডেল মাদ্রাসা ও গোল্ডেন লাইফ একাডেমি।
​কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এই বৃত্তি পরীক্ষার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​এদিকে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় তাঁরা পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
​রাজিবপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষার কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, "আমাদের কোমলমতি শিশুদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যেই আমাদের এই নিরলস প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, আজকের এই ছোট পদক্ষেপগুলোই আগামীর দিনে শিক্ষার্থীদের বড় স্বপ্ন পূরণে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত