শ্রীমঙ্গলের সময়

৮১ বছর বয়সে বুকার জয়: সময়কে হারিয়ে শব্দের রাজ্যে এম. জন হ্যারিসন

শিল্প-সাহিত্য · 2026-11-11T08:42:41.000000Z · উত্তম ঘোষ

সাহিত্যের কোনো অবসর নেই, সৃষ্টিশীলতার কোনো বয়সসীমা নেই। সময়ের সঙ্গে মানুষের শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু কল্পনার জগৎ কখনো কখনো আরও বিস্তৃত হয়ে ওঠে। তারই এক অনন্য উদাহরণ ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন। ৮১ বছর বয়সে বুকার পুরস্কার জয় করে তিনি প্রমাণ করলেন, সাহিত্যিক সাফল্যের জন্য বয়স কোনো বাধা নয়; বরং দীর্ঘ অভিজ্ঞতা, জীবনবোধ ও সৃজনশীল মনন একজন লেখককে পৌঁছে দিতে পারে অনন্য উচ্চতায়।
৯ নভেম্বর ২০২৬, লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে হ্যারিসনের হাতে তুলে দেওয়া হয় ২০২৬ সালের বুকার পুরস্কার। তাঁর উপন্যাস The End of Everything অর্জন করে এবারের শ্রেষ্ঠত্ব। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। এই জয়ের মধ্য দিয়ে তিনি বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে The Testaments উপন্যাসের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছিলেন মার্গারেট অ্যাটউড।
হ্যারিসনের এই অর্জনের পেছনে রয়েছে ছয় দশকেরও বেশি সময়ের সাহিত্যসাধনা। ১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম তাঁর। ১৯৬৫ সালে প্রথম গল্প প্রকাশের মধ্য দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করেন। দীর্ঘদিন কল্পবিজ্ঞান সাহিত্যের চর্চা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে Viriconium উপাখ্যানমালা এবং Light। ২০০৭ সালে Nova Swing উপন্যাসের জন্য তিনি আর্থার সি ক্লার্ক পুরস্কার অর্জন করেন। ২০২০ সালে The Sunken Land Begins to Rise Again গ্রন্থের জন্য পান গোল্ডস্মিথস পুরস্কার।
তবে বুকারের জন্য এবারই প্রথম তাঁর কোনো বই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল। প্রথমবার মনোনয়ন পেয়েই বিজয়ী হওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা।
বিজয়ী উপন্যাস The End of Everything মূলত ভবিষ্যতের এক বিপর্যস্ত পৃথিবীর গল্প। ইংল্যান্ডের কেন্ট উপকূল এর পটভূমি। এক রহস্যময় বিপর্যয়ের পর ফিলিপ টেন্যান্ট ও তাঁর বৃদ্ধা খালা মার্নির জীবনসংগ্রাম নিয়ে কাহিনি এগিয়েছে। স্মৃতিভ্রংশে আক্রান্ত মার্নিকে নিয়ে ফিলিপের টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি দেখা দেয় ‘আইগেত্তি’ নামের রহস্যময় রূপ পরিবর্তনকারী সত্তা। তাদের আচরণ মানুষের মতো। এদের উপস্থিতি মানুষের অস্তিত্ব, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করে।
উপন্যাসটি শুধু ভবিষ্যতের কল্পকাহিনি নয়। এর ভেতরে রয়েছে বর্তমান পৃথিবীর রাজনৈতিক ও সামাজিক সংকটের প্রতিচ্ছবি। ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি, প্রযুক্তির প্রভাব এবং মানুষের যুক্তিবোধের সংকট লেখকের ভাবনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
বুকার বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ডের মতে, ভবিষ্যতের গল্পের মধ্য দিয়ে বর্তমান সময়ের রাজনীতি ও সংকটকে তুলে ধরার ক্ষেত্রে বইটি বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।
এই পুরস্কার জয় কেবল হ্যারিসনের ব্যক্তিগত সাফল্য নয়। এটি দীর্ঘদিন ধরে সাহিত্যজগতে অপেক্ষাকৃত প্রান্তিক অবস্থানে থাকা কল্পবিজ্ঞান ধারারও স্বীকৃতি।
৮১ বছরের হ্যারিসন যেন আমাদের মনে করিয়ে দিলেন—সৃষ্টির কোনো শেষ বয়স নেই। সময় যত এগোয়, অভিজ্ঞতার ভাঁজে ভাঁজে তত জন্ম নিতে পারে নতুন সাহিত্য, নতুন কল্পনা এবং নতুন ইতিহাস।
এক নজরে বুকার পুরস্কার
পুরস্কারের নাম : বুকার পুরস্কার ২০২৬
বিজয়ী লেখক : এম. জন হ্যারিসন (M. John Harrison)
জাতীয়তা :  ব্রিটিশ
বয়স : ৮১ বছর
বিজয়ী উপন্যাস : The End of Everything
উপন্যাসের ধরন : সায়েন্স ফিকশন ও ডিস্টোপিয়ান কথাসাহিত্য
উপন্যাসের দৈর্ঘ্য : ১৯৮ পৃষ্ঠা
পুরস্কারের অর্থমূল্য : ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড
পুরস্কার ঘোষণার তারিখ : ৯ নভেম্বর ২০২৬
পুরস্কার প্রদানের স্থান : লন্ডন, যুক্তরাজ্য।
বিচারক প্যানেলের সভাপতি : মেরি বিয়ার্ড
বিবেচিত উপন্যাস : ১৬৩টি
সংক্ষিপ্ত তালিকা : ৬টি উপন্যাস
প্রকাশনা সংস্থা : সার্পেন্টস টেইল
প্রতিষ্ঠার বছর ১৯৬৯
পূর্ববর্তী বিজয়ী ডেভিড সালাই (২০২৫)
সূত্র : সোস্যাল নেটওয়ার্ক

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত