শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হাসিব ও তার স্ত্রীর ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ আসামি ১৬

সিলেটের খবর · 2026-11-11T07:28:56.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম ও তার স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।​গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ। মামলায় হাবিব ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।​ঘটনার বিবরণ:এজাহারে জানা যায়, গত ৮ নভেম্বর হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে অবস্থান নেন। মঙ্গলবার দুপুরে তারা রিসোর্ট থেকে বের হয়ে একটি অটোরিকশায় রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এজাহারে অভিযোগ করা হয়, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি সশস্ত্র দল এ হামলায় অংশ নেয়।​আসামিরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে হাসিব ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে প্রধান আসামি হাবিব ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার কব্জির নিচে মারাত্মক জখম হয়। এ ছাড়া অন্য হামলাকারীরা লাঠি ও রড দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই দম্পতি। আহত হাসিবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।​সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল:হামলার পরপরই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত হাবিবুর রহমান নিজেই তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করেছিলেন, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হলেও অন্য অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায়। এমনকি ছাত্রলীগের কিছু স্থানীয় নেতাকর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার পক্ষে মন্তব্য করতে দেখা গেছে।​অভিযোগের বিষয়ে জানতে হাবিবুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।​পুলিশের বক্তব্য:ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, "হামলার ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এজাহারনামীয় প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।"

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত