শ্রীমঙ্গলের সময়

মেধা যাচাইয়ে কলমাকান্দায় মডেল টেস্ট বৃত্তি পরীক্ষা

সারাদেশ · 2026-11-15T13:24:44.000000Z · স্টাফ রিপোর্টার

 নেত্রকোনার কলমাকান্দায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে মডেল টেস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এ পরীক্ষায় উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষার উদ্বোধন ও প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবীরের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবিয়ারকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজক সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী এ পরীক্ষায় চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে উদ্যোগের উদ্যোক্তা ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবীর গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পেলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের একসঙ্গে অংশগ্রহণের ফলে তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক পর্যায় থেকেই নিয়মিত মূল্যায়ন ও অনুশীলনের সুযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সহজ হয়। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত