শ্রীমঙ্গলের সময়

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

সারাদেশ · 2026-11-15T13:26:27.000000Z · স্টাফ রিপোর্টার

 নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ লাঘবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও নির্দেশনায় প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে দুই লেনের এ সেতু নির্মাণ করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সেতুর অভাবে শিবগঞ্জ ও দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

নির্মিত সেতুটি দিয়ে রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা রাখা হয়েছে। সেতু দিয়ে যানবাহন পারাপারের ক্ষেত্রে সামান্য টোল আদায় করা হবে। আদায় করা অর্থের লভ্যাংশ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ ও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতুটি নতুন সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এ সেতুর মাধ্যমে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত