মাস্ক ও জাকারবার্গের উত্তরসূরি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ
প্রযুক্তি · 2026-11-18T09:24:47.000000Z · মেইল ডেস্ক
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে প্রতিষ্ঠাতাদের একচ্ছত্র প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের। বিশেষ করে টেসলা, স্পেসএক্স ও মেটার মতো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতারা দায়িত্ব ছেড়ে দিলে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এ আলোচনা আরও জোরালো হয়েছে। ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানেও উত্তরসূরি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রযুক্তি খাতের এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতাদের দূরদৃষ্টি, নেতৃত্ব ও উদ্ভাবনী পরিকল্পনার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাদের অনুপস্থিতিতে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্পেসএক্সের বিনিয়োগকারী রস গারবার দীর্ঘদিন ধরে টেসলার উত্তরসূরি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তার মতে, জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনা মাস্কের জন্য বড় সতর্কবার্তা। তিনি বলেন, এনভিডিয়ার এ ঘটনা সম্ভবত মাস্কের সবচেয়ে বড় ভয়।
মাস্ক শুধু টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী নন। প্রতিষ্ঠান দুটির দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত পরিকল্পনা ও ব্যবসায়িক কৌশলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেসলার বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তি ও মানবসদৃশ রোবট তৈরির পরিকল্পনা তার নেতৃত্বের সঙ্গে যুক্ত।
স্পেসএক্স তাদের শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে জমা দেওয়া নথিতে জানিয়েছে, মৃত্যু, শারীরিক অক্ষমতা বা অন্য কোনো কারণে মাস্ক দায়িত্ব পালনে অক্ষম হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিকল্পনা ব্যাহত হতে পারে। তার মতো দক্ষ ও অভিজ্ঞ কাউকে খুঁজে পাওয়াও দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া হতে পারে।
একই পরিস্থিতি মেটার ক্ষেত্রেও রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাকারবার্গ দায়িত্ব পালনে অক্ষম হলে ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। মেটায় সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকারও তার হাতে। ফলে পরিচালনা পর্ষদের সদস্য নিয়োগসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।
রেডোকিউয়ের প্রধান নির্বাহী দিপাল দত্তের মতে, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শক্তিশালী নেতৃত্ব কাঠামো প্রয়োজন।