শ্রীমঙ্গলের সময়

ময়মনসিংহ মাছ চাষের তীর্থস্থান, বছরে ১২ হাজার কোটি টাকার মাছ সরবরাহ

সারাদেশ · 2026-11-19T10:22:03.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ অঞ্চল দেশের মাছ চাষের তীর্থস্থান, যেখান থেকে প্রায় ১২ হাজার কোটি টাকার মাছ সারা দেশে সরবরাহ করা হয়। বাকৃবি, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চল মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছে। আমাদের এখন বাণিজ্যিকভাবে নিরাপদ মাছ উৎপাদন এবং বিদেশে মাছ রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, আমি আশা করি, মৎস্য অধিদপ্তরের এই নিয়মিত কার্যক্রম আগামীতে আরও বেগবান হবে এবং বাকৃবির অনেক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল মনসুর, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল এবং ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। সঞ্চালনা করেন কৃষিবিদ সামসুজ্জামান মাসুম।

এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, ঈশা খাঁ হল ও শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফিশ ফার্মসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে মোট ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন ও জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত