শ্রীমঙ্গলের সময়

দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-07T12:14:02.000000Z · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের অভিযানে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুর, একটি পিকআপ ও ভুয়া রশিদ বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উত্তরাইল বাজার ও দয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), চারিখাল গ্রামের মো. হানিফ (৩০), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪) ও ইয়াসিন মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গরুবোঝাই একটি পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। এসব গরু বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নাজিরপুর বাজারের নামে ভুয়া খাস আদায়ের রশিদ ব্যবহার করা হতো বলে পুলিশ জানিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, অভিযানে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুর জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়া গরু পরিবহনে ব্যবহৃত কুষ্টিয়া-ন ১১-০০২৫ নম্বরের পিকআপ ও ভুয়া রশিদ বই জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু সংগ্রহ, অবৈধভাবে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে জাল রশিদ ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত