শ্রীমঙ্গলের সময়

অষ্টগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশ · 2026-11-07T12:15:41.000000Z · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দেশের জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহ আলম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী রহমান খান।

এ ছাড়া বক্তব্য দেন অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর ও সহসভাপতি অজিত দত্তসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালিত হয়।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত