নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বৃদ্ধের মরদেহ
সারাদেশ · 2026-11-07T12:14:42.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোণার মদনে নিখোঁজের দুই দিন পর নদী থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামে আলম মিয়া বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল লতিফ দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে বাড়ি থেকে বের হন আব্দুল লতিফ। এরপর থেকেই তিনি আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ থাকার দুই দিন পর নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আব্দুল লতিফ স্ত্রী ও পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করে।
পরে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এছাড়া সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।