শ্রীমঙ্গলের সময়

ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-19T11:37:06.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালুকা পৌর যুবলীগের কর্মী মনির মণ্ডল (৩০), পৌর ছাত্রলীগের কর্মী শিপন মিয়া (২৫) ও আশিকুর রহমান ইমন (২১), মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সাইদুল ইসলাম (২০) এবং ভালুকা উপজেলা ছাত্রলীগের কর্মী সুমন মিয়া (২৪)।

গ্রেপ্তার শিপন মিয়া ও আশিকুর রহমান ইমন আপন দুই ভাই। তাঁরা পূর্ব ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাকিমের ছেলে। এ ছাড়া সাইদুল ইসলাম মল্লিকবাড়ী এলাকার আবদুল জলিলের ছেলে, সুমন মিয়া ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে এবং একই ওয়ার্ডের পূর্ব ভালুকার বাসিন্দা মনির মণ্ডল মৃত মোর্শেদ আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ আগস্ট ভালুকা মডেল থানায় ৩৯ নম্বর মামলাটি দায়ের করা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছিল।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত