শ্রীমঙ্গলের সময়

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ১১ কোটি টাকার মোটরসাইকেল কিনছে সরকার

জাতীয় · 2026-11-17T10:53:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সুবিধার্থে ৫৭৮টি মোটরসাইকেল কেনার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে নির্ধারিত বাজেটের মধ্যেই এ ব্যয় নির্বাহ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কিনছে সরকার। এ জন্য ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের টিওঅ্যান্ডইভুক্ত ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য এসব মোটরসাইকেল প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহনমাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে এ যানবাহনের প্রয়োজনীয়তা রয়েছে।

অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। সেই হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

তবে এ কেনাকাটার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে। অর্থাৎ ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরকারি ক্রয়সংক্রান্ত নির্ধারিত আইন ও বিধিমালা মেনে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না। ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের সম্মতির ফলে মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য মোটরসাইকেল কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত