শ্রীমঙ্গলের সময়

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে মুখোশধারীদের হামলায় দুই লোকো মাস্টার আহত

সারাদেশ · 2026-11-17T09:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে চার মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই লোকো মাস্টারকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই রেলকর্মী হলেন বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লোকো মাস্টার নজরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী ব্যক্তি ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাঁরা দুই রেলকর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

নজরুল ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাঁদের কাছে থাকা দামি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনটি সেখানেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত