শ্রীমঙ্গলের সময়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

সারাদেশ · 2026-11-04T15:33:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।​নিহত এসআই জাহাঙ্গীর আলম আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন এসআই জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর ফাঁড়ির ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান অন্য পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাঁরা তাঁর কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশেই তাঁর ব্যবহৃত সার্ভিস পিস্তলটি পড়ে ছিল।​প্রাথমিকভাবে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি।​খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত