কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন থামিয়ে স্বাভাবিক পরিস্থিতি: নিয়ন্ত্রণে ১৩ প্লাটুন বিজিবি
সারাদেশ · 2026-11-04T12:54:00.000000Z · সিনিয়র রিপোর্টার
গাজীপুর: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার সকাল থেকে উপজেলার চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লীবিদ্যুৎ ও সফিপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন।ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ সুপার বলেন, "গত কয়েক দিন শ্রমিকদের যে আন্দোলন ছিল, তারা এখন বুঝতে পারছেন তাদের যুক্তিসংগত দাবি-দাওয়া মেনে নেওয়ার বিষয়ে সরকার ও রাষ্ট্র গুরুত্বের সঙ্গে কাজ করছে। বিষয়টি অনুধাবন করতে পেরে শ্রমিকরা আন্দোলনে আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই বোঝা যায়—রাস্তাঘাট স্বাভাবিক, গণপরিবহন চলাচল করছে এবং সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।"শিল্পাঞ্চলের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি জানান, গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসারের পাশাপাশি মাঠে নামানো হয়েছে ১৩ প্লাটুন বিজিবি এবং স্ট্রাইকিং র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)।জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, শিল্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও অন্যান্য বাহিনীর পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।বর্তমানে পুরো কালিয়াকৈর শিল্পাঞ্চলে থমথমে ভাব কেটে গিয়ে স্বাভাবিক ও কড়া নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে।