আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, বিএনপি কার্যালয় ভাঙচুর
সারাদেশ · 2026-11-13T14:36:43.000000Z · সিনিয়র রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উপজেলা বিএনপির কার্যালয়সহ স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় ও বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবারক হোসেনকে সভাপতি ও জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করে আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতারা জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।শুক্রবার বিকেলে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন। ঠিক একই সময়ে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। পদবঞ্চিত এই অংশটি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল দুটি সড়কবাজার এলাকায় পৌঁছালে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কবাজারের কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।সংঘর্ষের একপর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, "ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ ও প্রতিবাদ মিছিল বের করলে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"এদিকে, কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের এই অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।