শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক

সারাদেশ · 2026-11-13T12:19:40.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সিরিয়াল সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি অক্ষত রয়েছেন।​শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একের পর এক যানবাহন একে অপরের সাথে ধাক্কা খায়। এতে ৪টি যাত্রীবাহী বাস, ২টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ২টি ইঞ্জিনচালিত ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।​সংঘর্ষে বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।​মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।​এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকায় ফেরার পথে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরের দুটি গাড়ি এ দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন।​সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত