ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী: ৪৫ শয্যার বিপরীতে ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই
সারাদেশ · 2026-11-13T12:04:49.000000Z · সিনিয়র রিপোর্টার
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর চাপ। মাত্র ৪৫ শয্যার বিপরীতে বর্তমানে সেখানে ভর্তি রয়েছে ১৫৪ জন শিশু। ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী আসায় দেখা দিয়েছে তীব্র শয্যাসংকট। বাধ্য হয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখে এবং একই শয্যা বা বিছানায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের অভিভাবকেরা।মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা, বাড়ছে সংক্রমণের ঝুঁকিহাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে আবহাওয়া পরিবর্তনের কারণে জেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতা নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির হিড়িক পড়েছে।সরেজমিনে শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডের প্রতিটি শয্যায় রোগীর উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই নেই। শয্যা না পেয়ে অনেক অভিভাবক বাধ্য হয়ে মেঝেতে চাদর বিছিয়ে অসুস্থ সন্তানকে শুইয়ে রেখেছেন। অতিরিক্ত রোগীর চাপ এবং স্বজনদের ভিড়ে ওয়ার্ডের ভেতরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। একই স্থানে গাদাগাদি করে থাকার কারণে এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে রোগ সংক্রমণের আশঙ্কা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকেরা।
অভিভাবকদের ক্ষোভ ও আক্ষেপ
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে ওয়ার্ডে বসে থাকা নাজমুল ইসলাম বলেন, ‘সন্তানকে নিয়ে এসে চরম বিপাকে পড়েছি। ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই, শয্যা তো দূরের কথা। বাধ্য হয়ে অনেক কষ্ট করে মেঝেতে থাকতে হচ্ছে।’আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও অনেক ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে আমাদের মতো নিম্ন আয়ের পরিবারগুলোকে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। হাসপাতালে যদি সব ওষুধ ও উপকরণ বিনামূল্যে পাওয়া যেত, তবে খুব উপকার হতো।’
কী বলছেন চিকিৎসকরা?
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হায়দার শাহীন বলেন, ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়া ও তাপমাত্রার ওঠানামার কারণে শিশুদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় শিশুদের সুরক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, নিরাপদ পানি ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। সামান্য উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’
কর্তৃপক্ষের বক্তব্য
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল রোগীর অতিরিক্ত চাপের কথা স্বীকার করে বলেন, ‘সীমিত শয্যা ও জনবলসংকট থাকা সত্ত্বেও আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি, ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখা এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’