পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, আবেদন যেভাবে
জাতীয় · 2026-10-30T09:22:00.000000Z · ডেস্ক রিপোর্ট
নারীদের জন্য বিশেষায়িত ইভি পিংক বাস সার্ভিস পরিচালনায় দক্ষ নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে হালকা মোটরযানের বৈধ লাইসেন্সধারী নারীদের বিনা মূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস সার্ভিসের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সার্ভিস পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরিতে সম্পূর্ণ বিনা মূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেবে সংস্থাটি।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের ভারী যানবাহন চালনায় দক্ষ করে তোলার পাশাপাশি পিংক বাস পরিচালনার সুযোগ তৈরি করা হবে।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান জানিয়েছেন, হালকা মোটরযানের লাইসেন্সধারী নারী চালকদের ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁরা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর। তাঁদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট হতে হবে। এ ছাড়া কমপক্ষে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী নারী প্রার্থীদের ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সরাসরি বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে উপস্থিত হতে হবে। সেখানে সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা বা গাড়ি চালনার পরীক্ষায় অংশ নিতে পারবেন তাঁরা।
পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণ ও ফলাফল
প্রাথমিক নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর থেকে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মহিলা হোস্টেলে সম্পূর্ণ বিনা মূল্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণের মেয়াদ হবে এক থেকে চার মাস।
প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ
প্রশিক্ষণ শেষ করার পর রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।
ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বিআরটিসির কর্মকর্তারা জানান, নারীদের জন্য নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ নারী চালকের সংখ্যা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পিংক বাস সার্ভিসের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশে ও বিদেশে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এ প্রশিক্ষণ ভূমিকা রাখতে পারে।