কটিয়াদীতে নাশকতার আশঙ্কায় সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ, গ্রেপ্তার ২
সারাদেশ · 2026-11-19T07:12:23.000000Z · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লগি-বৈঠা তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের সহশ্রাম-ধুলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব লগি-বৈঠা প্রস্তুত করা হয়ে থাকতে পারে। অভিযানে দুটি দোকান থেকে আনুমানিক ৪৫০টি লগি-বৈঠা জব্দ করা হয়।
এ ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি এসব লগি-বৈঠা তৈরি করেছিলেন। এ ছাড়া নাশকতার চেষ্টার অভিযোগে মিদুল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা প্রতিরোধে অভিযান চালানো হয়। কোথাও নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।