শ্রীমঙ্গলের সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও শ্রাদ্ধের মালামাল লুট

সারাদেশ · 2026-11-13T11:18:07.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ভবতারিণী কালী মাতা মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মন্দিরের তালা ভেঙে বিগ্রহের স্বর্ণালংকার এবং সদ্য প্রয়াত এক ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কেনা লক্ষাধিক টাকার বাজারসামগ্রী লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।​শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে।​মন্দির ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবতারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতেই শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বিভিন্ন বাজারসামগ্রী কিনে মন্দিরের ভেতরে নিরাপদে রাখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই গভীর রাতে চোরের দল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।​যেভাবে ঘটে এই ঘটনা:মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) জানান, তিনি মন্দিরের পাশের একটি কক্ষেই থাকেন। চোরের দল অত্যন্ত সুকৌশলে প্রথমে তাঁকে ওই কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে। এরপর মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কালীমায়ের বিগ্রহে থাকা বিভিন্ন স্বর্ণালংকার এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়।​প্রয়াত সমীর ঘোষের ছোট ভাই এবং প্রথম আলোর জেনারেল ম্যানেজার (জিএম) অরূপ কুমার ঘোষ সকালে ঘটনাস্থলে পৌঁছে দুঃখ প্রকাশ করে বলেন, “আমার মেজ ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজারসামগ্রী কিনে বৃহস্পতিবার রাতে মন্দিরে রাখা হয়েছিল। কিন্তু মন্দিরের তালা ভেঙে সব মালামাল এবং দেবীর বিগ্রহের স্বর্ণালংকারও চুরি হয়ে যাবে—এমন ন্যক্কারজনক ঘটনা আমরা কল্পনাও করতে পারিনি।”​তিনি আরও জানান, মালামাল চুরি হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরের মধ্যাহ্নভোজের পূর্বনির্ধারিত আয়োজন ঠিক রাখতে সকালে তাঁদের বাধ্য হয়ে আবারও নতুন করে বাজার করতে হয়েছে। এই আকস্মিক ও দুঃখজনক ঘটনা তাঁদের পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।​প্রশাসনের পদক্ষেপ:ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।​নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে।​নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজেও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।​ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”​এদিকে, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, চুরি হওয়া স্বর্ণালংকার ও মালামাল দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভক্তরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত