শ্রীমঙ্গলের সময়

আটপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ মিথ্যা দাবি করে পরিবারের সংবাদ সম্মেলন

সারাদেশ · 2026-11-13T11:22:15.000000Z · সিনিয়র রিপোর্টার


​নেত্রকোনার আটপাড়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত খোকন মিয়ার পরিবার। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।​সংবাদ সম্মেলনে খোকন মিয়ার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ভাতিজা দূর্জয় ইসলাম। তিনি বলেন, তাঁর চাচা খোকন মিয়ার বয়স ৬০ বছর এবং অভিযোগকারী শিশুটির বয়স মাত্র ১০ বছর, যে কি না তাঁর চাচার নাতনির বয়সী।
​সংবাদ সম্মেলনে পরিবারের দাবি:
লিখিত বক্তব্যে দূর্জয় ইসলাম অভিযোগ করেন, সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের একটি পক্ষের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় এক মাস আগে খোকন মিয়ার স্ত্রী মারা যান। স্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় সম্প্রতি তিনি গ্রামের কয়েকজন এতিম শিশুকে খাওয়ানোর আয়োজন করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ তাঁর চাচাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ধর্ষণচেষ্টার এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ সাজিয়েছে।​তিনি আরও দাবি করেন, অভিযোগে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সে সময় খোকন মিয়া বাড়িতেই ছিলেন না। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
​পুলিশের বক্তব্য ও মামলার প্রেক্ষাপট:
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুলশ্রী গ্রামের ওই ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে শিশুটির দাদি বাদী হয়ে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।​এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত