রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
জাতীয় · 2026-11-08T17:41:00.000000Z · ডেস্ক রিপোর্ট
সরকারি কর্মকর্তাদের যেকোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকতে পারে। তবে সেই সমর্থনের প্রকাশ সরকারি দপ্তরে নয়, ব্যালট বাক্সে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চার মাসের প্রশিক্ষণ শেষে তিনি শীর্ষ ১০ কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।
নবীন বিসিএস কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, একাডেমিক পর্যায়ে জ্ঞান অর্জনের পর এবার কর্মক্ষেত্রে তা প্রয়োগের সময় এসেছে। সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হবে, সরকারের কার্যক্রমও তত বেশি সফল হবে। রাষ্ট্রের সার্বিক উন্নয়নে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, কর, শিক্ষা ও তথ্যসহ বিভিন্ন ক্যাডারে যোগ দেবেন। কর্মস্থল ও দায়িত্বের ধরন আলাদা হলেও তাঁদের সবার প্রথম পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা। জনগণের সেবা করাই তাঁদের প্রধান দায়িত্ব।
সরকারি দপ্তরে নাগরিকদের হয়রানি বন্ধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একজন কর্মকর্তা নিজের জন্য যে ধরনের আচরণ প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও তেমন আচরণ করা উচিত।
তারেক রহমান আরও বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ নেই। তবে বিধিবদ্ধ নিয়ম অনুসরণের পাশাপাশি নাগরিকদের সঙ্গে মানবিক আচরণও জরুরি। কোনো আবেদনপত্রে ভুল থাকলে শুধু সংশোধনের নির্দেশ দিয়ে দায়িত্ব শেষ করা উচিত নয়। বরং কোথায় এবং কার কাছে গেলে ভুল সংশোধন করা যাবে, সে বিষয়ে আবেদনকারীকে পরামর্শ দেওয়া প্রয়োজন।
কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য কেউ কেউ পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করেন। কিন্তু দেশের যেকোনো স্থানে এবং জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।
রাজনৈতিক সমর্থনের বিষয়ে তিনি বলেন, কর্মকর্তাদের যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকা ব্যক্তিগতভাবে দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে সরকারের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে ইশতেহার এখন জনগণের দলিল, তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। জনপ্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।