শ্রীমঙ্গলের সময়

ছোট ভাইয়ের মৃত্যুর পাঁচ ঘণ্টার মধ্যে মারা গেলেন বড় ভাই

সারাদেশ · 2026-11-09T17:16:00.000000Z · ডেস্ক রিপোর্ট

চাঁদপুরের মতলব দক্ষিণে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে মারা গেছেন বড় ভাই। সোমবার একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রাতে একই সঙ্গে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ পৌরসভার নবকলস গ্রামে। নিহত দুই ভাই হলেন ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাসান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান খান পাশের বোয়ালিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁর মৃত্যু হয়।

হাসানের মৃত্যুর পর বাদ জোহর বোয়ালিয়া এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আসর নবকলসে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ বড় ভাই হাসেম খানও মারা যান। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সোমবার বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় প্রতিবেশী আমির খান জানান, হাসান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তিনি পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ছোট ভাইয়ের জানাজার প্রস্তুতির মধ্যেই বড় ভাইয়ের মৃত্যুর খবর আসে।

দুই ভাইয়ের মৃত্যুর পর তাঁদের জন্য পাশাপাশি দুটি কবর খোঁড়া হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একসঙ্গে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

একই দিনে প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবকলস ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত