শ্রীমঙ্গলের সময়

সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স

বিশ্ব · 2026-11-09T17:25:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ফ্রান্সের সুপারমার্কেটগুলোর হিমায়নব্যবস্থায় সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। হামলায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের ভূমিকা তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, হামলার প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট ‘শহীদ কাভেহ’ নামের একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধান এবং তাঁর দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ ঘটনায় তদন্তের আওতায় অন্য ব্যক্তিদেরও আনা হতে পারে।

ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, গত অক্টোবরে দেশটির কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। কোনো কোনো যন্ত্র অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। পাশাপাশি মাংস, হিমায়িত খাবারসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়।

ফরাসি তদন্তকারীদের দাবি, হামলার ধরন, ব্যবহৃত ভাষা এবং শনাক্ত করা ইন্টারনেট প্রটোকল ঠিকানার সূত্র ধরে ইরান-সংশ্লিষ্ট সাইবার ইউনিটের দিকে তদন্ত এগিয়েছে। তবে হামলার সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নভেম্বরের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশেও সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নতুন করে সাইবার হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অক্টোবরের ফ্রান্সের হামলা এবং নভেম্বরের নতুন হামলাগুলোর মধ্যে একই পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

হামলার ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ইরানের পক্ষ থেকেও ফরাসি সরকারের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স,

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত