শ্রীমঙ্গলের সময়

গবেষণা-এআই ও উচ্চশিক্ষা নিয়ে বাকৃবিতে সামিট, দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

শিক্ষা · 2026-11-29T10:09:55.000000Z · স্টাফ রিপোর্টার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

রিসার্চ ইন্ট্রিগেটেড থটের (আরআইটি) সমন্বয়ে সামিটের আয়োজন করে বিএইউ সলিডারিটি সোসাইটি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামিটে চারটি সেশনে শিক্ষার্থীদের দেশ ও বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রথম সেশনে গবেষণার বুনিয়াদি বিষয়ে আলোচনা করেন বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড এ কে এম নাজমুল হাসান নাজির।

দ্বিতীয় সেশনে তথ্য যাচাইকরণ, গবেষণা লেখা ও প্রকাশনা বিষয়ে আলোচনা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিনের বায়োস্ট্যাটিসটিক বিভাগের প্রধান মো. মেছবাউর রহমান। এরপর আধুনিক গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সুইডেনের আর্থ সিস্টেম গভর্নেন্সের গবেষক জান্নাতুল ফেরদৌস।

সবশেষে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের ড. মো. আবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছুর রহমান ভূঁইয়া।

সামিটের বিষয়ে বাউ সলিডারিটি সোসাইটির সেক্রেটারি ছাব্বির হোসেন রিজন বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে। পাশাপাশি সচেতন, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করছে। এজন্য নিয়মিত বই পড়া, গাছ উপহার দেযা, পাঠচক্র আয়োজনের মতো কাজগুলো নিয়মিত করা হয়।

তিনি আরও বলেন, স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা, এআই টুলস এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে ধারনা দেয়ার জন্য আজকের সামিট আয়োজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট রাখতে পারে বলে আশা করি। 

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত