ঢাকায় বসে অপকর্ম, গোপালগঞ্জ এলে দ্বিগুণ জবাব’— নয়নকে হুঁশিয়ারি
সারাদেশ · 2026-11-29T10:13:05.000000Z · মোঃ সাইফুল ইসলাম
ঢাকায় বসে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক। তাঁর দাবি, ঢাকায় বসে যেসব অপকর্ম করা হচ্ছে, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে।রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুবদল নেতা নয়নসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।যুবদল নেতা নয়নকে উদ্দেশ্য করে শামছুল হক বলেন, ‘ঢাকায় বসে যুবদল নেতা নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎ সাহস থাকে, তাহলে গোপালগঞ্জে আসেন। ঢাকায় বসে আপনি যা করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে করে দেখিয়ে দেব যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী পারে। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।’পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে লক্ষ্য করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের এই সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাদের বলতে চাই— আপনারা টুঙ্গিপাড়ায় আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’বর্তমানে টুঙ্গিপাড়ার মানুষ শান্তিতে বসবাস করছেন দাবি করে বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
এ সময় নিষিদ্ধ ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।