মধ্যরাতে রাজশাহীর পবা ভূমি অফিস ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা
সারাদেশ · 2026-11-29T10:29:52.000000Z · সিনিয়র রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস এবং খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে মধ্যরাতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একই রাতে পবা উপজেলার খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রেও বোমা হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় মুখোশধারী বা গুপ্ত হামলাকারীরা।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। পরবর্তীতে পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বোমা দুটি উদ্ধার করে।ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “পবা উপজেলা ভূমি অফিসের পাশাপাশি পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”তিনি আরও বলেন, “ভূমি অফিসে সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ডপত্র সংরক্ষিত থাকে। এ ধরনের নাশকতামূলক হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব বিধ্বংসী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”জেলা প্রশাসক জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।