শ্রীমঙ্গলের সময়

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার চট্টগ্রামে

সারাদেশ · 2026-11-29T10:24:03.000000Z · সাধন সাহা জয়


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে মো. সাদেক মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ডেকে এনে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
​নিহত সাদেক মিয়া কনিকাড়া দক্ষিণপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুল মিয়া সরদারের ছেলে।
​এ ঘটনায় একই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফালু মিয়ার ছেলে আব্দুর রহিম মিয়া (৬০) এবং তাঁর দুই ছেলে বাবুল ওরফে সফর মিয়া (৪০) ও স্বপন মিয়ার (৩৮) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
​যেভাবে ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম থেকে সাদেক মিয়াকে ফোনে নবীনগরে ডেকে আনেন বাবুল মিয়া। বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে একটি বৈঠক শেষে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবুল মিয়া, তাঁর বাবা আব্দুর রহিম মিয়া ও ভাই স্বপন মিয়া মিলে সাদেক মিয়ার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
​অভিযোগ অনুযায়ী, মারধরের পর তাঁকে নারায়ণপুর এলাকার একটি অটো গ্যারেজে নেওয়া হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। পরে মরদেহটি চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে রেখে আসা হয়।
​লাশ উদ্ধার ও বাড়িতে ফেরা
সীতাকুণ্ড থানা পুলিশ রেলস্টেশনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করে এবং নবীনগরে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে নিহতের ছোট ভাই ফারুক চট্টগ্রামে গিয়ে মরদেহ শনাক্ত করেন। গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মরদেহ নিয়ে তিনি বাড়িতে ফেরেন।
​সালিশে ৩৫ লাখ টাকার রফাদফা ও উত্তেজনা
সাদেক মিয়ার মরদেহ বাড়িতে আনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতব্বরদের উদ্যোগে গ্রাম্য সালিশ বসে। স্থানীয় সূত্রের দাবি, সালিশে উভয় পক্ষের সম্মতিতে ৩৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়।
​তবে রোববার (২৯ নভেম্বর) টাকা লেনদেনের সময় দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কোনো সমাধান ছাড়াই বাবুল মিয়ার লোকজন ঘটনাস্থল ত্যাগ করলে সালিশের ওই মীমাংসা ভেস্তে যায়।
​পুলিশের বক্তব্য ও স্থানীয়দের প্রশ্ন
সালিশ ভেস্তে যাওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে মরদেহ চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ বিষয়ে নবীনগর থানার আইনগতভাবে কিছু করার নেই।
​এদিকে, একটি মৃত্যুর ঘটনায় ৩৫ লাখ টাকার বিনিময়ে গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। একটি মানুষের মৃত্যুর বিচার কি টাকার অঙ্কে মীমাংসা হতে পারে, নাকি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত—এমন প্রশ্ন এখন পুরো এলাকায়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত