শ্রীমঙ্গলের সময়

দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে রাজু-মুকেশ

সিলেটের খবর · 2026-11-29T10:45:25.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিলেটের লাক্কাতুরা চা বাগানের শ্রমিক নেতা রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের মুকেশ কর্মকার বিজয়ী হয়েছেন।
রবিবার ভোর ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ শ্রম দপ্তরে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজু গোয়ালা পেয়েছেন ৬১ হাজার ৮০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন মুকেশ কর্মকার। মাত্র ৩ হাজার ১৯৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি। তিনি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী চুনারুঘাটের চান্দপুর চা বাগানের নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি পদে কুলাউড়ার লংলা চা বাগানের মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি পদে শ্রীমঙ্গলের ডিনস্টন খেজুরীছড়া চা বাগানের শিমুল কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের আলীনগর চা বাগানের সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানের সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে জুড়ীর রাজকী চা বাগানের সনত গোয়ালা।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলা—মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালের নির্বাচন স্থগিত থাকায় দীর্ঘ আট বছর পর এ ভোট অনুষ্ঠিত হলো। নির্বাচনে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির এই ৮ নেতার সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে নির্বাচিত আরও ২২ জন প্রতিনিধি যুক্ত হয়ে আগামী তিন বছরের জন্য ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত