কিশোরগঞ্জ-৩ আসনে আবারও আলমগীরকে মনোনয়ন
রাজনীতি · 2026-11-29T07:22:42.000000Z · স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ হাজার ৭৭৭ ভোট পেয়েও জামানত হারিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলমগীর হোসাইন তালুকদার। এবার কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনেও তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আলমগীর হোসাইন তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ হাজার ৭৭৭ ভোট পান আলমগীর হোসাইন। তবে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আপিল গ্রহণ চলবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।