দৃষ্টিহীন হয়েও এভারেস্ট বেজ ক্যাম্পে সৌদি রাশাদ
বিশ্ব · 2026-11-19T11:49:00.000000Z · ডেস্ক রিপোর্ট
চোখে আলো নেই, তবু লক্ষ্য অর্জনে থেমে থাকেননি সৌদি নাগরিক রাশাদ নাকিব। অদম্য ইচ্ছাশক্তি ও সহযাত্রীদের সহযোগিতায় নেপালের হিমালয় পর্বতমালার দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম দৃষ্টিহীন সৌদি নাগরিক হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন নাকিব।
সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে টানা নয় দিনের অভিযানে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান রাশাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই বেজ ক্যাম্পে পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে পাথুরে পথ, খাড়া ঢাল ও বরফাচ্ছাদিত দুর্গম ভূখণ্ড।
অভিযানের পুরো সময় পথ চলতে ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেন নাকিব। পথের পরিবর্তন, উঁচু-নিচু ঢাল কিংবা সামনে থাকা বাধা সম্পর্কে তাঁকে নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন আল-শাইবানি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আল-শাইবানি জানান, নাকিব তাঁর কণ্ঠস্বর এবং পাথরের ওপর বুটের শব্দ শুনে পথের অবস্থান বোঝার চেষ্টা করতেন। পাশাপাশি হাতে থাকা লাঠি ও পায়ের নিচের মাটির স্পর্শ ব্যবহার করে চলার দিক নির্ধারণ করতেন।
এর আগে এভারেস্টের চূড়ায় আরোহণ করা আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল সম্পূর্ণ ভিন্ন। এভারেস্টের চূড়ায় দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলেও দৃষ্টিহীন এক অভিযাত্রীর সঙ্গে বেজ ক্যাম্পে পৌঁছানোর মুহূর্তটি তাঁর কাছে বিশেষ অনুভূতির।
অন্যদিকে, নিজের এই অর্জনকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তাঁর আশা, এই সাফল্য শারীরিক প্রতিবন্ধকতা থাকা অন্য তরুণদেরও নিজেদের লক্ষ্য অর্জনে সাহস ও অনুপ্রেরণা জোগাবে।
অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিরাও যে কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে পারেন, সেই বার্তা তুলে ধরা। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অভিযানের অভিজ্ঞতা ও এর মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রাশাদ নাকিবের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিবন্ধকতা জয় করে স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তাঁর অভিযাত্রা দেখিয়েছে, সঠিক প্রস্তুতি, সহযোগিতা ও দৃঢ় মনোবল থাকলে অনেক কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব।
সূত্র: সিয়াসাত ডেইলি, সৌদি গেজেট