শ্রীমঙ্গলের সময়

‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, দিল্লির সমাবেশে রাহুলের হুঁশিয়ারি

বিশ্ব · 2026-11-02T05:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দিল্লিতে আয়োজিত বিরোধী জোটের সমাবেশে তিনি এ বক্তব্য দেন। একই সঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন বিরোধী নেতারা।

রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়ার ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ জোটের বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

সমাবেশে রাহুল গান্ধী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানো হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে। তাঁর দাবি, জ্ঞানেশ কুমার ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল বলেন, অমিত শাহ বলেছিলেন, নরেন্দ্র মোদি কোথাও যাবেন না। কিন্তু তিনি বলতে চান, মোদি কোথাও যেতে পারবেন না, যেতে চাইলেও তাঁকে যেতে দেওয়া হবে না। জ্ঞানেশ কুমারের পর তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার মাধ্যমে তাঁদের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি ৫০ লাখ নাম বাদ পড়েছে। এ ঘটনাকে তিনি সাধারণ চুরি নয়, বরং মানুষের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার শামিল বলে মন্তব্য করেন।

সমাবেশে বিরোধী নেতারা অভিযোগ করেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ প্রক্রিয়া বন্ধ করা প্রয়োজন।

তবে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ভিন্ন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। বিরোধীদের অভিযোগের বিষয়ে বিজেপিও পাল্টা বক্তব্য দিয়েছে।

রাহুল গান্ধী বলেন, দেশের সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস হতে দেওয়া হবে না। ভোটাধিকার রক্ষায় বিরোধীরা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন,

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত