ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস সংকটে বিপাকে অফিসগামী মানুষ
সারাদেশ · 2026-11-04T05:49:09.000000Z · স্টাফ রিপোর্টার
গাজীপুরে শ্রমিক আন্দোলনের প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ থেকে ঢাকামুখী সড়কে বাসের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা। বাসে উঠতে না পেরে অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, কলেজ গেট, চেরাগ আলী, মিল গেট, স্টেশন রোড, টঙ্গী, আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, বিএনএস ও জসিমউদ্দীন রোড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় ঢাকাগামী গণপরিবহণের সংখ্যা ছিল তুলনামূলক কম। অন্যদিকে ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী সড়কেও যানবাহন চলাচল কম দেখা গেছে। কিছু এলাকায় যানবাহনের ধীরগতিও ছিল।
সরেজমিনে দেখা যায়, সড়কে চলাচল করা বাসগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাস থামার সঙ্গে সঙ্গে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হচ্ছে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই উঠতে পারছেন না। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছেন না অনেকে।
কলেজ গেট এলাকায় বাসের জন্য অপেক্ষায় থাকা রবিউল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকাল সাড়ে আটটা থেকে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ঢাকাগামী বাসের দেখা মিলছে খুব কম। হঠাৎ দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে ঠাসা থাকছে। বাস থামার সঙ্গে সঙ্গে ওঠার জন্য সবাই হুড়োহুড়ি করছেন। কিন্তু এত ভিড়ের মধ্যে চেষ্টা করেও বাসে ওঠা সম্ভব হচ্ছে না। এভাবে কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা-ও বুঝতে পারছেন না। অফিসে সময়মতো পৌঁছানো নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি। গত কয়েক দিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বাসে যাতায়াত করতে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।
একই ভোগান্তির কথা জানান সাইফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, সড়কে বাসের সংখ্যা এতটাই কম যে একটি বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাস এলেও ভেতরে তিল ধারণের ঠাঁই থাকে না। বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে গাদাগাদি করে উঠছেন। আবার অনেকে চেষ্টা করেও উঠতে পারছেন না। এ অবস্থায় সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে বোর্ডবাজার, বাইপাসসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে নেমে এসেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত ৩১ অক্টোবর থেকে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের। এ আন্দোলনের মধ্যে গত ২ নভেম্বর গাজীপুরের বাহাদুরপুর এলাকায় সংঘর্ষে আহত হন পোশাক শ্রমিক তৌফিক শেখ (২১)। পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।