দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, বিশ্ব র্যাঙ্কিংয়ে কততম?
শিক্ষা · 2026-11-19T06:16:00.000000Z · ডেস্ক রিপোর্ট
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। বাংলাদেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং বিশ্বে ৯৩১তম অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। পরিবেশগত গবেষণায় বিশ্বে তাদের অবস্থান ৫৮৫তম।
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবির অবস্থান ৯৩১তম।
আন্তর্জাতিক এই স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়টির গবেষণা, উদ্ভাবন, পরিবেশগত কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ ছাড়া এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩২২তম এবং পরিবেশগত গবেষণায় বিশ্বে ৫৮৫তম অবস্থান অর্জন করেছে গাকৃবি।
কিউএসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের এই র্যাঙ্কিংয়ে বিশ্বের ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। মূল্যায়নে পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব ও সুশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এটি শুধু শিক্ষার মান নয়, বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়নসংক্রান্ত কার্যক্রমও মূল্যায়ন করে।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবেই নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতিকে দেখছে গাকৃবি।
র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ অর্জন গাকৃবি পরিবারের সবার সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফল। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
উপাচার্য আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ১০০ থেকে ২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে প্রতিষ্ঠিত করাই তাঁদের আগামী দিনের লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়টির এই অবস্থান দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে পরিচিতি বাড়ানোর একটি সুযোগ তৈরি করেছে। তবে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যেতে গবেষণার মান, উদ্ভাবনের বাস্তব প্রয়োগ, পরিবেশগত দায়িত্বশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ হবে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম