বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
সারাদেশ · 2026-11-11T05:47:19.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আজিদ এর গুদারা ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সালমা মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে সালমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গুদারা ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।