শ্রীমঙ্গলের সময়

ময়মনসিংহে হামের উপসর্গে প্রাণ গেল আরও দুই শিশুর

স্বাস্থ্য · 2026-11-11T05:32:18.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত দুই শিশুর বয়স ১০ মাস। তাদের মাঝে একজন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে। মেয়ে শিশুর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় ও ছেলে শিশুর বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলায়।

মেয়ে শিশুটি গত ৫ নভেম্বর বিকাল সোয়া ৩ টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ১০ নভেম্বর রাত সোয়া ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর দিকে ছেলে শিশুটি গত ৮ নভেম্বর সকাল পৌনে ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে আজ ভোর রাত ৩ টার দিকে হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যায়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে হাম ও উপসর্গে হাসপাতালে ১৭২ শিশু ভর্তি রয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ শিশু, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু ও এই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন বলেন, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হওয়া শুরু করে। এই সময়ে হাম ও উপসর্গে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে, ছাড়পত্র নিয়েছে ৫ হাজার ৯২২ শিশু, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৮৭ শিশুর।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত