নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন যুক্তরাজ্যের রিকি
সারাদেশ · 2026-11-11T01:04:49.000000Z · জেলা প্রতিনিধি
নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন’-এর আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট রিকি। এক ভিডিও বার্তায় তিনি সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং নিজের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে সংগঠনের উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।
মানবিকতা, স্বেচ্ছাসেবা ও প্রযুক্তির সমন্বয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন’। সংগঠনটির মানবিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট রিকি।
সম্প্রতি এক ভিডিও বার্তায় সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় সংগঠনটির মানবিক উদ্যোগ, রক্তদাতা ও রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীদের মধ্যে সংযোগ স্থাপন, রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের নেতৃত্বে পরিচালিত স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ভিডিও বার্তায় রিকি বলেন, এমন একটি মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখতে চান তিনি। পাশাপাশি সংগঠনের পুরো টিম, সদস্য ও স্বেচ্ছাসেবকদের শুভকামনা জানান।
জানা যায়, ২০২৪ সালের ১২ আগস্ট সংগঠনটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ‘রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন’। শুরুতে নওগাঁর রাণীনগর উপজেলাকে কেন্দ্র করে মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করলেও বর্তমানে পাশের আত্রাই উপজেলাতেও কার্যক্রম সম্প্রসারণ করেছে সংগঠনটি। ভবিষ্যতে পুরো নওগাঁ জেলাজুড়ে কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা।
সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে জরুরি রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীদের সংযোগ স্থাপন করা। এ লক্ষ্যে তারা নিজস্ব (www.raninagar.org) ওয়েবসাইটের মাধ্যমে একটি অনলাইন রক্তদাতা ডেটাবেজ গড়ে তুলেছে। যেখানে রক্তদাতাদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া ওয়েবসাইটে রয়েছে লাইভ চ্যাট সুবিধা। এর মাধ্যমে রক্তের প্রয়োজনসহ বিভিন্ন মানবিক সহায়তার বিষয়ে সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন সেবাপ্রত্যাশীরা। প্রযুক্তির ব্যবহার করে দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা যায়, রাণীনগর ও আত্রাই উপজেলায় কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি পর্যায়ক্রমে পুরো নওগাঁ জেলায় মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে চায় তারা। দীর্ঘমেয়াদে দেশের প্রতিটি অঞ্চলে স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ করে একটি বৃহৎ মানবিক নেটওয়ার্ক গড়ে তোলার স্বপ্ন দেখছে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন, মানবিকতার কোনো ভৌগোলিক সীমারেখা নেই। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। শুরুটা রাণীনগর থেকে হলেও আমাদের স্বপ্ন পুরো নওগাঁ জেলা এবং একসময় সারা বাংলাদেশে মানবিক কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এ যাত্রায় দেশ-বিদেশের মানবিক ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করতে চাই আমরা।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে যুক্তরাজ্যের রিকির সম্পৃক্ততা সংগঠনের জন্য নতুন অনুপ্রেরণা। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, সংগঠনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, যুক্তরাজ্যের হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট রিকি আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন। এ সময় তিনি সংগঠনটির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশ-বিদেশের অভিজ্ঞ ও মানবিক ব্যক্তিদের সম্পৃক্ততা তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং সংগঠনের মানবিক কর্মকাণ্ডকে বৃহত্তর পরিসরে এগিয়ে নিতে সহায়ক হবে।
‘মানবতা, একতা ও পরিবর্তনের অঙ্গীকার’ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন স্থানীয় পর্যায় থেকে শুরু করে বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে।