শ্রীমঙ্গলের সময়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার!

বিশ্ব · 2026-11-08T05:12:00.000000Z · ডেস্ক রিপোর্ট

অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে প্রায় আড়াই কোটি টাকা দামের বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি উপহার দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ী। পূর্ব বর্ধমানের গলসির চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা ছেলের দীর্ঘদিনের আবদার পূরণে বিলাসবহুল গাড়িটি কিনে দেন। একসময় মুম্বাইয়ে দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ করা সামসুদ্দিনের ব্যবসার বার্ষিক লেনদেন এখন প্রায় ৭০০ কোটি টাকা।

নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে ছেলে। সেই সাফল্যে খুশি হয়ে ছেলেকে প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা তাঁর ছেলে মহম্মদ তালহাকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি উপহার দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ভালো ফল করলে বিএমডব্লিউ গাড়ি কিনে দেওয়ার আবদার আগে থেকেই ছিল তালহার। অর্ধবার্ষিক পরীক্ষার ফল ভালো হওয়ায় ছেলের সেই আবদার পূরণ করেন সামসুদ্দিন। নতুন গাড়ি পেয়ে খুশি তালহা জানিয়েছে, সপ্তাহে এক-দুই দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে চায় সে। এ কারণেই গাড়ি কেনার আবদার করেছিল।

সামসুদ্দিনের গাড়ির সংগ্রহে নতুন বিএমডব্লিউ যুক্ত হওয়ায় তাঁর গ্যারেজে গাড়ির সংখ্যা আরও বাড়ল। আগে থেকেই তাঁর কাছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ মোট ১১টি গাড়ি রয়েছে।

তবে সামসুদ্দিনের বর্তমান অবস্থানে পৌঁছানোর পথ ছিল বেশ কঠিন। তাঁর সাফল্যের গল্প শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ২০০৩ সালে মুম্বাইয়ে সিনেমার শুটিংয়ে আলোর কাজ করতেন তিনি। তখন দৈনিক মজুরি পেতেন মাত্র ২০০ টাকা।

পরে ২০১১-১২ সালে বর্ধমানে ফিরে ধান কেনাবেচার ব্যবসা শুরু করেন সামসুদ্দিন। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়ে চাল সরবরাহের কাজ শুরু করেন। একপর্যায়ে ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চাল রপ্তানির ব্যবসায় যুক্ত হন তিনি।

বর্তমানে তার বার্ষিক ব্যবসার লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা। ছেলের অর্ধবার্ষিক পরীক্ষার ভালো ফলের জন্য আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিয়ে এখন আলোচনায় এই ব্যবসায়ী। সূত্র: এবিপি বাংলা

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত