শ্রীমঙ্গলের সময়

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল

সারাদেশ · 2026-11-08T05:28:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম আগের অবস্থায় পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও ব্যাহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রাম আগের মতো বাসুদেব ইউনিয়নে পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। একই সঙ্গে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কে অবরোধ করেন ছয় গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।

অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ থাকায় ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন শিপন, আব্দুল বাছির ও মামুন পাঠানসহ অনেকে জানান, তাঁরা নতুন কোনো ইউনিয়ন চান না। তাঁদের দাবি, বাসুদেব ইউনিয়নকে অখণ্ড রাখতে হবে এবং ছয়টি গ্রামকে আগের মতো এ ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তাঁরা। নতুন উপজেলা গঠনের পরিকল্পনারও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

এ সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছেন বাসুদেব ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখতে হবে। দীর্ঘদিনেও এ বিষয়ে সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ প্রস্তাবের বিরুদ্ধেও স্থানীয়দের মধ্যে আন্দোলন শুরু হয়েছে।

দাবি পূরণ না হলে প্রতিদিন একই ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধস্থলে পুলিশ রয়েছে। পুলিশ সেখানে সার্বিক দায়িত্ব পালন করছে। সূত্র: কালের কণ্ঠ

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত