শ্রীমঙ্গলের সময়

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা আসামি ২২২৪

সারাদেশ · 2026-11-13T16:37:49.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় এ মামলা করা হয়।
​শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে।
​শুক্রবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
​মামলার এজাহারে যা বলা হয়েছে:
এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। পরবর্তীতে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তা অবরোধ করে এবং গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে আসা অফিসার ও ফোর্স বহনকারী একটি সরকারি গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
​হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে সব গ্লাস গুঁড়িয়ে দেয়। পুলিশ তাদের বারবার ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ করলেও তারা মারমুখী আচরণ অব্যাহত রাখে এবং পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগে ভস্মীভূত হওয়া গাড়িটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।​এ সময় হামলাকারীরা গাড়ির চালক কনস্টেবল মো. আলামিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
​পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা:
সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষার্থে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এতেও হামলাকারীরা নিবৃত্ত না হলে আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গুরুতর আহত চালক কনস্টেবল আলামিনসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
​এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীকে হত্যাচেষ্টা এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন করেছে। এছাড়া মিথ্যা তথ্য প্রচার ও সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত