শ্রীমঙ্গলের সময়

আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের অনিয়মের পাহাড়: প্রতিবাদ করায় কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

সারাদেশ · 2026-11-13T16:45:51.000000Z · সিনিয়র রিপোর্টার

্ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত 'ডক্টরস জেনারেল হাসপাতাল'-এর বিরুদ্ধে চিকিৎসক সংকট, ত্রুটিপূর্ণ চিকিৎসা সরঞ্জাম, ভুল রিপোর্ট এবং অননুমোদিতভাবে চিকিৎসাসেবা দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় দুই কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা, বকেয়া বেতন আটকে রাখা এবং মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।​এ ঘটনায় গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে হাসপাতালটির সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মারুফ রায়হান সোহাগ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আব্দুল বারী, জেনারেল ম্যানেজার শেখ ফরিদ এবং অ্যাডমিন ম্যানেজার মো. শাওনকে অভিযুক্ত করা হয়েছে।
​যেসব অনিয়মের অভিযোগ উঠেছে:
​চিকিৎসক সংকট ও ভুয়া তালিকা: হাসপাতালের বোর্ডে অভিজ্ঞ চিকিৎসকদের নাম থাকলেও বাস্তবে তাদের অধিকাংশই নিয়মিত উপস্থিত থাকেন না।
​অনভিজ্ঞদের দিয়ে চিকিৎসা: পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দিয়েই রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
​ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও ভুল রিপোর্ট: হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। যা আছে তার অধিকাংশই নষ্ট বা অকেজো, ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্টে প্রতিনিয়ত মারাত্মক অসংগতি ও ভুল ধরা পড়ছে।
​ওটির নিয়ম লঙ্ঘন: অভিযোগ রয়েছে, গত ১৩ নভেম্বর অপারেশন থিয়েটারে (ওটি) কোনো অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় এমডি ডা. আব্দুল বারী নিজেই অ্যানেসথেসিয়ার দায়িত্ব পালন করেন।
​মারধর ও হুমকির বিবরণ:
​লিখিত অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের এসব অনিয়মের তীব্র প্রতিবাদ জানান সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মারুফ রায়হান সোহাগ ও তাঁর সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। এর জের ধরে কর্তৃপক্ষ তাঁদের দুজনকে তাৎক্ষণিকভাবে বিনা নোটিশে চাকরিচ্যুত করে।
​পরবর্তীতে তাঁরা তাঁদের পাওনা বেতন-ভাতা চাইতে গেলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে ডা. আব্দুল বারী বাদী মারুফ রায়হান সোহাগকে কোনো কারণ ছাড়াই চড়-থাপ্পড় মারেন। পরে তাঁদের উভয়কে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
​প্রশাসনের হস্তক্ষেপ কামনা:
​বর্তমানে নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী মারুফ রায়হান সোহাগ। তিনি হাসপাতালের এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত, বকেয়া বেতন আদায় এবং মারধর ও হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
​এ বিষয়ে ডক্টরস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে যুক্ত করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত