নোবিপ্রবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
শিক্ষা · 2026-11-17T11:20:00.000000Z · ডেস্ক রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের ফ্রেশার্স রিসেপশন ও পঞ্চম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, লক্ষ্য নির্ধারণ করতে এবং জ্ঞান ও দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের নবীনবরণ ও পঞ্চম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ বিভাগ। এ বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত, সমৃদ্ধ ইতিহাস ও সাফল্যের দীর্ঘ পরম্পরা। এ ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা এবং কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করতে হবে।
উপাচার্য আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধু প্রচলিত চাকরির বাজারেই নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতার পরিচয় দিতে হবে। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের জ্ঞান ও দক্ষতা বিকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই স্বপ্ন দেখতে শিখতে হবে। যে স্বপ্ন দেখতে জানে না, তার পক্ষে স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি করাও সম্ভব নয়। তাই প্রত্যেককে নিজের লক্ষ্য নির্ধারণ করে নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।