বাংলাদেশের জন্য খুলল মার্কিন অর্থায়নের দুয়ার
জাতীয় · 2026-11-16T16:01:00.000000Z · ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে বাংলাদেশ ইতোমধ্যে কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ পেয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে প্রকল্পের জন্য ডিএফসির অর্থায়নের সুযোগ চালুর বিষয়টি জানায় সংস্থাটি। ডিএফসি বলছে, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়লে আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তাও শক্তিশালী হতে পারে।
সংস্থাটির মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে বেসরকারি খাতের পুঁজি কাজে লাগিয়ে উন্নয়ন প্রকল্পের অর্থায়ন ঘাটতি পূরণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অর্থের অভাবে আটকে থাকা সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়নের পথও সহজ হতে পারে।
ডিএফসি শুধু সরাসরি অর্থায়নই নয়, বিনিয়োগের ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও ঝুঁকি প্রশমন সুবিধা দিয়ে থাকে। এর ফলে যেসব প্রকল্পে রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা অন্যান্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ দেখান না, সেসব প্রকল্পেও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রযুক্তি এবং নাগরিক সেবার মতো খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছে সংস্থাটি।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বাংলাদেশের নতুন যোগ্যতাকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ডিএফসির অর্থায়নের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে। বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করা সম্ভব হবে।
বেন ব্ল্যাক আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রদূতের মতে, দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
ডিএফসি জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এ অঞ্চলে। পাশাপাশি দ্রুত বর্ধনশীল বেশ কয়েকটি অর্থনীতিও এখানে অবস্থিত।
এ কারণে মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে কাজ করছে সংস্থাটি।
তবে বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করলেও প্রকল্পভিত্তিক যাচাই-বাছাই ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ থাকবে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রস্তাবিত প্রকল্পের আর্থিক সম্ভাব্যতা, ঝুঁকি, প্রযোজ্য আইন ও নীতিমালা মেনে চলার বিষয় যাচাই করা হয়। ফলে কোন প্রকল্পে কত অর্থায়ন করা হবে, তা নির্ভর করবে প্রকল্পের ধরন ও মূল্যায়নের ওপর।
সূত্র: ইউএনবি,